Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ মে) ভোর ৪টার দিকে চন্দ্রিমা উদ্যান এলাকার ১১ নম্বর রোডের একটি তিন তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফাতেমা বেগম (৪০), তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান।

ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, ওই বাসটিতে ফাতেমা, তার মেয়ে, মেয়ের জামাই এবং নাতনি নিয়ে থাকেন। ফাতেমা গ্রিন রোডে একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। গতরাতে বাসাটিতে তারা তিনজনেই ছিলেন। সাদিয়ার স্বামী গাড়ি চালক। তিনি বাসার বাইরে ছিলেন। ভোরে প্রতিবেশীদের মাধ্যমে ফোনে তিনি খবর পান, ওই বাসায় আগুন লেগেছে। তখন সেখানে গিয়ে তাদেরকে দ্রুত হাসপাতলে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

জান্নাতুল ফেরদৌস আরও জানান, চলতি মাসের ১ তারিখেই ওই বাসায় ভাড়া উঠেছিলেন তার বোন এবং ভাগনি। গতকাল রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে এনেছিলেন। রাতে যখন তারা সবাই ঘুমিয়েছিলে, সেই সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয় এবং এতে তাদের তিনজনের শরীরে আগুন ধরে যায়। কীভাবে এই বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে এখনও তিনি কিছু জানেন না। তবে তার ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক ডা. মো. শাওন বিন রহমান জানান, শিশুর শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি দুজনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে