Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে ফের ভারতের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৫ ০৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজাদ কাশ্মীরে হামলা চালানোর একদিন পর পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত। এবার ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) ভোরে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকায় একটি ড্রোন পাঠায় ভারত। যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়েছে।

এরপর পাকিস্তানের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রেস্তোরাঁয় বসে তারা খাবার খাচ্ছিলেন। তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তবে এ ড্রোনের আঘাতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজরানওয়ালার আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একটি ড্রোন শহরটির দিকে আসছে।

তখন ড্রোনটি ভূপাতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়ে পাকিস্তান। তারা সফলভাবে এটি ভূপাতিত করতে সমর্থ হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুজরানওয়ালায় ড্রোন ভূপাতিত করা হয়েছে। যা ডিঙ্গার কাছে আছড়ে পড়েছে। কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ শুনতে পান। ওই সময় ড্রোনটিও মাটিতে আছড়ে পড়তে দেখেন তারা। এতে সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে সংবাদমাধ্যমটি স্পষ্ট করে জানায়নি ড্রোনটি কোথা থেকে এসেছে। এছাড়া পাকিস্তান সরকারও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।

সারাবাংলা/ইআ