Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব’

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো কার্জন হল প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘এস. এন. বসু জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫’। বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে অনুপ্রেরণা জোগাতে ‘বিজ্ঞান আড্ডা’ নামে শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) প্লাটফর্মটির অন্যতম সংগঠক উমামা ফাতেমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উৎসব সম্পর্কে জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (২৪ মে) সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এনামুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির প্রমুখ ব্যক্তিবর্গ। শনি এবং রবিবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত চলবে এ উৎসব।

বিজ্ঞাপন

‘বিজ্ঞান আড্ডা’ প্লাটফর্মটি ছাড়াও এ উৎসবে সহ-আয়োজক হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সোসাইটি, গবেষণা সোসাইটি,কুইজ সোসাইটি এবং দাবা ক্লাব।

উৎসবে আইটি হ্যাকাথন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, উদ্ভাবন ও প্রদর্শন, দাবা ও রুবিক’স কিউব ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে মাধ্যমিক, উচ্চামাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

এ ছাড়াও কার্জন হল প্রাঙ্গনে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকাশনার সমন্বয়ে ৩০টি স্টল বসবে। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান এ স্টলগুলো প্রদর্শন করবে। স্টলগুলোতে দর্শনার্থীরা দেশের নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করতে পারবে।

এ উৎসবে আরও থাকবে বিজ্ঞানভিত্তিক টকশো, পলিসি ডায়ালগ,বিজ্ঞান জাদুঘর কর্তৃক মিউজিয়াম বাস ও টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রবিক্ষণের সুযোগ। এ উপলক্ষে দর্শনার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের সত্যেন বোস জাদুঘরটি খুলে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে।

সারাবাংলা/কেকে/এমপি