Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের রাজনীতি পরিহার করুন: চরমোনাই পীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ২৩:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পরবিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ।

শুক্রবার (২৩ মে) দলের সিনিয়র নেতাদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে কিছু করা ঠিক নয়।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের জাঁতাকলে পিষ্ট হয়েছে জাতি। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতির সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বৃহস্পতিবার (২২ মে) রাতে উত্তরবঙ্গের নির্ধারিত একটি কর্মসূচি পালনের কথা ছিল। সেই কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় ফ্যাসিবাদবিরোধী ৫ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

তারই ধারাবাহিকতায় শুক্রবার তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী দেশের মানুষের অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহিদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে সার্থক করতে সংস্কারের গুরুদায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোনো দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগিতা, বাধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেওয়া দায়িত্ব আপনি অবিচলতার সঙ্গে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।’

সারাবাংলা/এফএন/এইচআই