Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোশ্যাল মিডিয়ায় সেবার সফলতা তুলে ধরার তাগিদ নারী ও শিশু উপদেষ্টার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশুর কল্যাণে মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের সফলতা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সোশ্যাল মিডিয়ার কার্যকর ব্যবহার জরুরি।

তিনি বলেন, “আমার কাছে এই মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সেবামূলক কার্যক্রম সম্পর্কে ৫১ থেকে ৫৯ শতাংশ মানুষ ওয়েবসাইট থেকে জানে। তবে আমরা চাই, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে এসব কার্যক্রম সরাসরি মানুষের দৃষ্টিগোচরে আনতে।”

সোমবার (২৬ মে) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খানসহ বিভিন্ন শাখা, দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “নারী ও শিশুদের সেবার ক্ষেত্রে যারা কাজ করছেন, তারা যেন নিজ নিজ অবস্থান থেকে আরও তৎপর হন। নারী নির্যাতন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচন, নারী পাচার রোধ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যেসব ভালো কার্যক্রম হচ্ছে, সেগুলো ছোট ছোট কনটেন্ট ও ভিডিওর মাধ্যমে প্রচার করতে হবে।”

তিনি আরও বলেন, “যত দ্রুত আমরা নারী ও শিশুদের কল্যাণে সেবা পৌঁছে দিতে পারব, তত দ্রুত এই মন্ত্রণালয়ের সফলতা প্রতিষ্ঠিত হবে। আর মন্ত্রণালয়ের সফলতাই সরকারের সফলতা।”

সভায় উপদেষ্টা সকল কর্মকর্তাকে স্ব-স্ব দায়িত্ব পালনে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান এবং নারী ও শিশুর উন্নয়নে গৃহীত কর্মসূচির বাস্তবায়নে সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করার নির্দেশনা দেন।

সারাবাংলা/এফএন/এসআর