Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেজর সিনহা হত্যা / প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড থাকবে কিনা হাইকোর্টের রায় আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ০৯:৩৭

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ঢাকা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় আজ।

সোমবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে, এ বিষয়ের ওপর আপিল শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এছাড়া এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল লাবণী আক্তার, সহকারী অ্যাটর্নি জেনারেল সুমাইয়া বিনতে আজিজ, সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর প্রধান ও সহকারী অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন গাজী।

বিজ্ঞাপন

আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম ও দুলাল মল্লিক।

গত ২৩ মে শুরু হয়ে উচ্চ আদালতে প্রতি কার্যদিবসে অব্যাহতভাবে শুনানি শেষ করা হয়। মামলায় এফআইআর, চার্জশিট, সাক্ষী, জেরা, পেপারবুক থেকে আসামি ও সাক্ষীদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি উপস্থাপন করা হয়। এরপর অভিযোগ গঠন, বিচারিক আদালতের রায় পাঠ শেষে মামলায় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করা হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা। ওই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডাদেশের বিরুদ্ধে ২০২২ সালে আপিল ও জেল আপিল করেন আসামিরা। ডেথ রেফারেন্স মামলা শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুত করতে হয়। পেপারবুক প্রস্তুতসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতি মামলাটি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টের ওই বেঞ্চ নির্ধারণ করেন।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো