Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিএম কাদেরের বাসভবনে হামলা: জাপা ও এনসিপির মামলা নিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১১:৩৬

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা।

রংপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর নগরের সেনপাড়ার বাড়িতে হামলার ঘটনার দুইদিন পর জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে করা পালটাপালটি মামলা নিয়েছে পুলিশ।

রোববার (১ জুন) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।

রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মামলা দুটি তদন্ত করছেন।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়ি দ্য স্কাই ভিউর জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। ঘটনার সময় জি এম কাদের ওই বাড়িতে ছিলেন। এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা এই হামলা করেছেন—সেদিন থেকে জাতীয় পার্টি অভিযোগ করে আসছে। হামলার ঘটনায় গত শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলা করতে যান জাপার নেতারা। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর থানা থেকে বের হয়ে তারা অভিযোগ করেন, পুলিশ মামলা নেননি।

বিজ্ঞাপন

তবে এনসিপি ও বৈষম্যবিরোধীরা অভিযোগ অস্বীকার করে বলছে, রংপুরে জি এম কাদেরের আগমনের প্রতিবাদে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় পার্টির লোকজন হামলা চালিয়েছে। শনিবার রাতে এনসিপির পক্ষ থেকেও থানায় এজাহার জমা দেওয়া হয়। তবে ওই সময় পুলিশ মামলা রেকর্ড করেনি।

কোতোয়ালি থানা সূত্র জানায়, জাপার পক্ষে করা মামলার বাদী জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদসহ ২২ নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে।

অন্যদিকে এনসিপির করা মামলার বাদী দলটির রংপুরের সংগঠক আলমগীর রহমান (নয়ন)। মামলায় জাপা চেয়ারম্যান জি এম কাদের, কো–চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান (মোস্তফা), রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০-৯০ জনকে।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো