Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৬:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সকল ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শিল্পখাতে প্রণোদনা দেওয়ার অংশ হিসেবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাবনা করা হয়।

এদিন, ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। এটি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার, ব্যাটারির বিভাজক, লিফট- এর যন্ত্রাংশ এবং এলইডি বাতির যন্ত্রাংশসহ কতিপয় পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

কৃষিতে কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে সম্মিলিত ফসল কাটার যন্ত্র তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

পরিবহন খাতে টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, ১৬-৪০ আসন বিশিষ্ট বাস এবং ১০-১৫ আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই