Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৭:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী সফিকুল ইসলাম (৪৬) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ জুন) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ মামলায় অভিযুক্ত অপর ১০ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম জেলার বোদা উপজেলার কাজলদিঘী তরঙ্গীপাড়া এলাকা হামেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে সফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই সফিকুল প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে একাধিকবার শালিস বৈঠক হয়। কিন্তু তাতেও নির্যাতন বন্ধ হয়নি। বিভিন্ন সময় মমতাজকে মারধর করতেন স্বামী এবং তার পরিবারের সদস্যরা। ২০১৫ সালের ৮ জুলাই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়। অভিযোগ, সে সময় মমতাজকে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ৯ জুলাই সকালে নিজ ঘরে মমতাজের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। শুরুতে বোদা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

বিজ্ঞাপন

পরে নিহতের বাবা আব্দুল মান্নান ১৪ জুলাই ২০১৫ সালে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর পর রায় ঘোষণা করা হলো।

এ বিষয়ে মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ইয়াসিনুল হক দুলাল জানান, ‘ময়নাতদন্তে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে। আমরা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আদালত সফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করেছেন।’

এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

সারাবাংলা/এনজে