Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৮০ দিনের পরিকল্পনা / বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণ কমাবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণ কমাবে বিএনপি।

বুধবার (০৪ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান।

আগামী ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি।

আমির খসরু বলেন, ‘‘স্বল্পমেয়াদি ঋণের ওপর নির্ভরতা হ্রাস করে সরকারের দায়ের পরিমাণ কমানো হবে। বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি খাতের ঋণগ্রহণের হার কমিয়ে ব্যক্তিখাতের ঋণ প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করা হবে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘সরকারি ঋণের গঠনগত উন্নয়ন ও ঋণ সংগ্রহের ব্যয় হ্রাস বিষয়ক ‘মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল (এমটিডিএস)’ প্রণয়ন করবে বিএনপি। সুদ পরিশোধের বোঝা বৃদ্ধির প্রেক্ষাপটে রোলওভার ঝুঁকি কমাতে স্বল্পমেয়াদি ঋণের ওপর নির্ভরতা হ্রাস করবে। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় বাড়িয়ে সরকারি ঋণ সংগ্রহকে অনুকূলিত করে ব্যক্তিখাতের ঋণ প্রবাহ সংকোচন বন্ধ করবে।’’

আমির খসরু বলেন, ‘‘অভ্যন্তরীণ সুদ পরিশোধ ও পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে ঋণ ব্যবস্থাপনা ও ভর্তুকি যুক্তিসঙ্গতকরণ করা হবে। এক্ষেত্রে সরকারি ব্যয় পর্যালোচনা কাঠামো গঠন, নতুন প্রকল্পের জন্য কঠোর ব্যয়-লাভ বিশ্লেষণ নির্দেশিকা এবং কর্মক্ষমতা-ভিত্তিক বাজেটিং পদ্ধতি প্রণয়ন করা হবে।’’

তিনি বলেন, ‘‘ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বৈদেশিক ঋণকে স্থানীয় বিনিয়োগে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে। রূপান্তরিত অর্থ জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন বৃদ্ধি, শিক্ষা অবকাঠামো শক্তিশালীকরণ এবং স্বাস্থ্য কাঠামো তৈরির মত জনহিতকর কাজে ব্যবহার করা হবে। এতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে সৃষ্ট বৈদেশিক সাহায্যের হ্রাসজনিত ফারাকও কমাবে। একদিকে বৈদেশিক ঋণের বোঝা কমবে, অন্যদিকে সম্পদ সরাসরি টেকসই ও সমতাভিত্তিক প্রবৃদ্ধি তৈরির চালিকাশক্তিতে নিয়োজিত হবে।’’

আমির খসরু বলেন, ‘‘এনবিআরকে একটি স্বায়ত্তশাসিত সংস্থা দ্বারা প্রতিস্থাপন করা হবে। নীতি প্রণয়নের কাজ করতে বর্তমানের শুল্ক ও বাণিজ্য কমিশনকে আওতাভুক্ত করে ‘বাংলাদেশ কর ও শুল্ক কমিশন’ নামে একটি পৃথক প্রতিষ্ঠান গড়া হবে।’’

তিনি বলেন, ‘‘প্রত্যক্ষ করকে অগ্রাধিকার দিয়ে ‘কর কোড’ আধুনিকায়ন করা হবে। সহজীকরণ এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করার পাশাপাশি উপজেলা পর্যায়ে অফিস স্থাপন করে করের আওতা বাড়ানো হবে।’’

আমির খসরু বলেন, ‘‘প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা তথা বিদ্যুৎ বিল, ব্যাংক লেনদেন, ভূমি রেকর্ড ইত্যাদি একীভূত করে কর সনাক্তকরণ ড্যাশবোর্ড চালু, বন্ডেড গুদামের জন্য ব্লকচেইন-ভিত্তিক ট্র্যাকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ঝুঁকি মূল্যায়ন জালিয়াতি রোধে সহায়ক হবে।’’

তিনি বলেন, ‘‘উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পের ওপর কার্বন কর আরোপ করা হবে। উক্ত রাজস্ব জলবায়ু অভিযোজন তহবিলে যাবে।’’

আমির খসরু বলেন ‘‘স্বৈরতান্ত্রিক শাসনকালে গৃহীত সকল ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের কাছে একটি স্বাধীন কমিশন গঠনের অনুরোধ জানানো হবে।’’

তিনি বলেন, ‘‘বহুজাতিক কোম্পানিগুলোর মাস্টার ও স্থানীয় নথি জমা এবং দেশওয়ারি রিপোর্টিং বাধ্যতামূলক করা হবে। মুনাফা স্থানান্তরের ওপর কঠোর জরিমানা আরোপ করা হবে।’’

তিনি বলেন, ‘‘বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জবাবদিহিতা এবং বাংলাদেশে সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচনপূর্ব কেয়ারটেকার সরকারের জন্য পরিষ্কার নির্দেশিকাসহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে।’’

সারাবাংলা/এজেড/আরএস