Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে গরু ছিনতাই চেষ্টার অভিযোগ সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে গরুর খামার থেকে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে। তবে গরু ছিনিয়ে নেওয়ার সময় খামার মালিককে মারধর করলে আশপাশে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দলবল নিয়ে পালিয়ে যান তিনি।

‎বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খামার মালিক খন্দকার আনিসুর রহমান মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

‎আনিসুর রহমান বলেন, ‘আমি গরু বিক্রির জন্য খামারে বসেছিলাম। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু তার দলবল নিয়ে বিকেল সাড়ে ৩টায় গরুর খামারে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে আমাকে মারতে মারতে তার বাগান বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে মেরে রক্তাক্ত করে অস্ত্র দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এবিসি) জুয়েল রানা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ, ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হত্যা মামলারও আসামি বলে জানা গেছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম