Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরের শার্শায় ছুরিকাঘাতে যুবক খুন

লোকাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারণে ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক খুন হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজু (২২) নামের আরও এক যুবক। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নাভারণের নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুই যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। সবুজ ও রাজু গুরুতর আহত হলে কালু পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুকে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা নাভারণ সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান জানান, হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনিল।

সারাবাংলা/পিটিএম