Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশানের বাড়ির নামজারির কাগজ খালেদা জিয়াকে বুঝিয়ে দিলেন গণপূর্ত উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ০১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ তার হাতে পৌঁছে দিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার (৪ জুন) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় গিয়ে তিনি (আদিলুর রহামন খান) তার (খালেদা জিয়া) হাতের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ‘উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। আধা ঘণ্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন। তবে এটা কীসের কাগজ, তা আমি জানি না।’

বিজ্ঞাপন

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই।

এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। গত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে।

গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণেই আছে। তবে তার নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করে। নামজারির বিষয়টি আগেই সম্পন্ন করেছিল সরকার। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছিল তারা। কিন্তু খালেদা জিয়ার শারিরীক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।

সারাবাংলা/এজেড/পিটিএম