ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে পার্টির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এনসিপির কেন্দ্রীয় দপ্তর।
মঙ্গলবার ( ১০ জুন) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (৯ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত এনসিপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে মানিকের দেওয়া এক বক্তব্য পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে আসে। বক্তব্যটিকে ‘আপত্তিকর ও অসাংগঠনিক’ হিসেবে আখ্যা দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তোলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপি’র ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব আব্দুল্লাহ আল-আমিনের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি এনসিপির আহ্বায়ক, সদস্যসচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট পাঠানো হয়েছে।