Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ট্রাম্প কার্ড বিক্রি শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১১ জুন) অভিবাসীদের জন্য বহুল আলোচিত ‘গোল্ড কার্ড’ বা ট্রাম্প কার্ড কর্মসূচির নিবন্ধন ওয়েবসাইট চালু করেছেন। নতুন এই ওয়েবসাইটটি trumpcard.gov-এ স্বর্ণবর্ণের কার্ডটির ছবি দেখা যায়, যাতে ট্রাম্পের মুখমণ্ডল খোদাই করা রয়েছে। কার্ডটি কিনলে মিলতে পারে মার্কিন নাগরিকত্বের সুযোগ।

ওয়েবসাইটে আগ্রহী অভিবাসীদের নাম, অঞ্চল, ইমেইল এবং তারা ব্যক্তিগতভাবে না ব্যবসার মাধ্যমে আবেদন করছেন কিনা এই তথ্যগুলো প্রাথমিকভাবে জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘৫ মিলিয়ন ডলারের (বাংলাদেশী মূল্যে প্রায় ৬০ কোটি ৬৬ লাখ টাকা) বিনিময়ে ট্রাম্প কার্ড আসছে! হাজার হাজার মানুষ জানতে চাচ্ছে কীভাবে তারা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের এই দারুণ পথের জন্য নাম নিবন্ধন করতে পারবে।’

বিজ্ঞাপন

ওয়েবসাইটে জানানো হয়েছে, ইউরোপ, এশিয়া (মধ্যপ্রাচ্যসহ), উত্তর আমেরিকা, ওশেনিয়া, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান এবং আফ্রিকা- এই আটটি অঞ্চল থেকে আগ্রহীরা প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন।

‘গোল্ড কার্ড’ মূলত একটি বিশেষ আবাসন পারমিট, যা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে বসবাস এবং পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেবে। এপ্রিল মাসে ট্রাম্প প্রথম এই কার্ডের ধারণা উন্মোচন করেন, যেখানে ছিল তার মুখ ও লেখা ‘The Trump Card’।

ট্রাম্প জানিয়েছিলেন, এটি প্রচলিত EB-5 বিনিয়োগ ভিসার পরিবর্তে আনা হচ্ছে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি মেটানোর অর্থ সংগ্রহ করা সম্ভব হবে। EB-5 ভিসা কর্মসূচির অধীনে বর্তমানে আট লাখ থেকে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করে অভিবাসীরা গ্রিন কার্ড পেতে পারেন।

তবে এখনো পর্যন্ত ‘গোল্ড কার্ড’ প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। ওয়েবসাইটে বলা হয়েছে, নিবন্ধিত ব্যক্তিরাই প্রথম জানতে পারবেন কবে থেকে কার্যত আবেদন শুরু হবে।

বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসন নিয়ে কড়া অবস্থান নেওয়া ট্রাম্পের জন্য এই পদক্ষেপ একদিকে রাজস্ব আহরণের কৌশল, অন্যদিকে নির্বাচনী বছরে রাজনৈতিক বার্তাও।

আগে ইঙ্গিত দেওয়া হলেও, এই কর্মসূচিতে রাশিয়ান ধনকুবেররাও আবেদন করতে পারবেন কিনা, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো