Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে যুবককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৬:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় মোকলেছার রহমান (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোকলেছার ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস দোকানদার।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকায় ওই যুবকের বাসার কাছে বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী। পরে তার চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

নিহত মোকলেছারের বাবা শাহাবুদ্দিন বলেন, ‘আমার ছেলে বাজারে কসমেটিকের দোকান করে। গত রাতে দোকানে তার ভাগনেকে রেখে সে বের হয়ে যায়। তারপর আর ফিরেনি। সকালে উঠে লোকজন দেখতে পায় আমার ছেলেকে গলা কেটে ফেলে রেখে গেছে। আমার একটাই ছেলে। আমি কি নিয়ে বাঁচবো? আমার ধারণা ওর বন্ধুরাই খুন করেছে ওকে।’

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ বা মামলা দায়ের হলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো