Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেসরকারি শিক্ষক নিবন্ধনে বাদ যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা


১২ জুন ২০২৫ ১৯:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শিক্ষক নিবন্ধন পরীক্ষার জটিলতা কমিয়ে নিতে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। জানা গেছে, মন্ত্রণালয় প্রস্তাবে সায় দিলে আগামী শিক্ষক নিবন্ধন থেকে এ নিয়ম চালু করা হবে।

এনটিআরসিএ সচিব এএমএম রিজওয়ানুল হক বলেন, বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় তিন ধাপে। আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনও পাওয়া গেছে। জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর এনটিআরসিএর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনটিআরসিএর সচিব আরো বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি অংশ বাদ দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২৫ মে এনটিআরসিএর বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা নিয়ে থাকে। অনেকটা বিসিএসের আদলে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরই বেছে নেওয়া হয়। এরপর তাদের শূন্যপদে নিয়োগের জন্য করা হয় সুপারিশ।

তবে এ প্রক্রিয়ায় লেগে যায় দীর্ঘসময়। অনেকে নিবন্ধন সনদ অর্জন করার পরও বয়সসীমা পেরিয়ে যাওয়ায় হয়ে থাকে নিয়োগবঞ্চিত। আবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও শিক্ষক সংকটে পড়ছে। সার্বিক দিক বিবেচনায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ।