Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ২৭১ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ২০:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে সাত দিনে ২৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত পরিচালিত অভিযানে, চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ ২৭১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯১টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৮ রাউন্ড শট গান কার্তুজ, ২১ রাউন্ড খালি কার্তুজ, ৩৮টি ককটেল বোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মোটর সাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আইএসপিআর জানিয়েছে, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বসা অস্থায়ী পশুরহাটে সার্বক্ষণিক নজরদারী, নিরাপত্তা ও পর্যবেক্ষণ নিশ্চিত করেছে। পাশাপাশি, ঈদ যাত্রাকে সহজ করতে নির্বিঘ্নে সড়কে যান চলাচল নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধকল্পে সেনাবাহিনী বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

সারাবাংলা/এমএইচ/আরএস