Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে রব্বানী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ২১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীতে র‌্যাবের গুলিতে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীকে নিয়ে ঈদুল আজহার নামাজের পূর্বে ঈদগাহ ময়দানে মাইকে কটূক্তি ও উসকানিমূলক বক্তব্য এবং তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শফিয়ার রহমান নামক এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে সদর উপজেলার রামগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন টুপামারী ও লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আকতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, কারমাইকেল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহসান, যুবদলের টুপামারী ইউনিয়ন শাখার সভাপতি তৌফিকুজ্জামান বাবু এবং পলাশবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘শফিয়ার রহমান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হয়েও ঈদের মতো একটি পবিত্র দিনে শহিদ গোলাম রব্বানীকে কটূক্তি করেন এবং তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দেন। এমন একজন ব্যক্তি হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ থেকে প্রমাণ হয়, তাকে রাজনৈতিকভাবে রক্ষা করা হচ্ছে।’

তারা আরও বলেন, ‘গোলাম রব্বানী শুধু বিএনপির নেতা নন, তিনি ছিলেন দেশপ্রেমিক, নির্ভীক একজন মানুষ। তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত শফিয়ারসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

প্রসঙ্গত, ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনার মামলাকে কেন্দ্র করে র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা গোলাম রব্বানীকে তুলে নেওয়া হয়। পরে তার মৃতদেহ সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় পাওয়া যায়। দীর্ঘদিন বিচার না পাওয়ায় সম্প্রতি তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এইচআই