Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনবিআরের ভার্চুয়াল সভায় ভুয়া আইডি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের রাজস্ব পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন ‘ইলন মাস্ক’ নামের এক ব্যক্তি। শুধু ইলন মাস্ক নয়, ভার্চুয়াল ওই সভায় যোগ দেন ‘তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি’ ও ‘মায়ের দোয়া স্যানিটারি’ নামের ব্যক্তিও।

রোববার (১৫ জুন) এনবিআরের আয়কর অনুবিভাগের রাজস্ব পর্যালোচনা সভায় এমন ঘটনা ঘটেছে। সভায় সরাসরি ও ভার্চ্যুয়ালি যোগ দেওয়ার কথা ছিলো আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তবে সভায় যোগ দেওয়া কর্মকর্তাদের সংখ্যা বাড়াতে এমন ভুয়া আইডি থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনেকে।

ওই সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষ হওয়ার আগে শেষ ১৫ দিনে কঠোর পরিশ্রমের মাধ্যমে রাজস্ব আদায়ের নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সভা সূত্রে জানা গেছে, প্রতি মাসে অনুষ্ঠিত রাজস্ব পর্যালোচনা সভায় রাজস্ব আদায় কম হলেই কর্মকর্তাদের প্রতি কঠোরতা দেখাতেন চেয়ারম্যান। তবে এবারের সভায় রাজস্ব আদায়ে ধ্স হলেও নমনীয় আচরণ করেছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের কর্মকর্তারা জানান, ‘এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চারটি দাবিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারিরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিল। সরকারি আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও চেয়ারম্যানকে অপসারণ বিষয়ে কোন কথা বলা হয়নি। এরপর চেয়ারম্যানকে অসহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ব-শরীরে ঢাকার বিভিন্ন কমিশনার সভায় অংশ নিলেও মাঠ পর্যায়ে অসন্তোষ আছে। তাই জুমে বেশি উপস্থিতি দেখাতেই এমনটা করা হয়েছে।’

তারা বলেন, ‘পরে দেখা গেছে মিটিংয়ে ইলন মাস্কও উপস্থিত! চারশোর বেশি অংশগ্রহণকারীর সিংহভাগই ভুয়া। তাদের আয়কর বিভাগের সঙ্গে কোন সম্পর্ক নেই।’

সভায় ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত আয়কর খাতে আদায়ের চিত্র তুলে ধরা হয়েছে।
জানা গেছে, অর্থবছরের প্রথম ১১ মাসে ১ লাখ ৩৯ হাজার ৮০৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে এ সময়ে আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ১৯৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে অর্থবছরের মে মাসে আদায় হয়েছে মাত্র ১০ হাজার ১৩০ কোটি টাকা।

সারাবাংলা/ইএইচটি/আরএস