Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাক্তারদের বিসিএস বয়সসীমা ৩৪ পর্যন্ত বাড়ানোসহ ৪ দাবিতে সংবাদ সম্মেলন

ঢাবি করেস্পন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিসিএস পরীক্ষায় আগের মতো ডাক্তারদের বয়সসীমা ৩৪ বছর করাসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসা পরিষদ’ নামক একটি সংগঠন।

রোববার (১৫ জুন) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করেন সংগঠনটি। এ সময় সংগঠনটির আহ্বায়ক, সংগঠক, মুখপাত্রসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. আব্বাস ভূইয়া ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- এক. ডাক্তারদের বিসিএস বয়সসীমা পূর্বের ন্যায় ২ বছর বাড়িয়ে ৩৪ বছর করে প্রজ্ঞাপন দেওয়া। দুই. ৪৮তম বিশেষ বিসিএসের সময়সীমা বাড়িয়ে স্বাভাবিক নিয়মে ৪৭ তম বিসিএসের পরে নেওয়া এবং সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ হতে নূন্যতম ৩ মাস সময় দেওয়া। তিন. ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ তম বিশেষ বিসিএস এর প্রিলি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে অস্থায়ী বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান এবং তা বিবেচনায় চূড়ান্তভাবে চাকরিতে সুপারিশ সংযুক্ত করে পিএসসি কর্তৃক অফিস আদেশ জারি করা। একইসাথে ইন্টার্নশিপের মেয়াদকে বিবেচনায় রেখে জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুযোগ রেখে আদেশ জারি করা। চার. নিয়োগ পরীক্ষার ট্রান্সপারেন্সি বা বৈধতা বজায় রাখতে প্রিলি, লিখিত ও ভাইবা নম্বর প্রকাশ করা।

বিজ্ঞাপন

সংগঠনটির মুখ্য সংগঠক মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘৪৬তম বিসিএস’র আগ পর্যন্ত ডাক্তারদের বয়স বিসিএসে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে দুই বছর বেশি ছিল কিন্তু ৪৭তম বিসিএসে প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে আমরা দেখেছি যে, মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল সে কোটা বাদ দিতে গিয়ে আমাদের ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে। মানে বিষয়টা এরকম যে আপনি মাথা ব্যথার জন্য মাথা ব্যথার ওষুধ না খেয়ে আপনি পুরা মাথাটাই কেটে ফেলছেন। এটা তো কোনো সলিউশন (সমাধান) হতে পারে না।

এ সময় তিনি বলেন, ‘যেকোনো বিসিএসের জন্য ন্যূনতম তিন মাস সময় দিয়ে একটা বিসিএস’র জন্য প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। কিন্তু ৪৮তম স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে তারা মাত্র ৪০ দিন সময় দিয়েছে। যেটা একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে কোনভাবেই কখনোই সম্ভব না। তাই এই সময়সীমা বাড়াতে হবে। আমাদের বাকি দাবিগুলোও মেনে নিতে হবে।’

সারাবাংলা/কেকে/পিটিএম