Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় এসে‌ছেন জাতিসংঘের গুমবিষয়ক কমিটি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ০৮:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রথমবা‌রের ম‌তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য বাংলাদেশে এসেছেন। চার দিনের সফরে রোববার (১৬ জুন) ঢাকায় পৌঁছেছেন গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ‌। আগামী ১৮ জুন প্রতিনিধি দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

চল‌তি সফ‌রে প্রতি‌নিধি দ‌লের সদস‌্যরা অন্তর্বতীকালীন সরকা‌রের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নীতিবিষয়ক আলোচনায় অংশ নেবেন দুই সদস্য।

জানা গে‌ছে, প্রায় এক যুগ ধরে গুমের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়ে আসছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলেন্টারি ডিসাপিয়ারেন্স-ডব্লিউজিইআইডি। গত ২০১৩ সালের ১২ মার্চ সফরের জন্য প্রথম চিঠি দিলেও সাড়া দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর একাধিকবার অনুরোধ করলেও রাখা হয়নি। ২০২০ সালের ২৪ এপ্রিল শেষবার সফরের অনুমতি চেয়েছিল ডব্লিউজিইআইডি। কিন্তু দেয়নি তৎকালীন সরকার।

বিজ্ঞাপন

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার সরকারের। এর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানালে সাড়া দেন তিনি। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশে এলো গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ।

ডব্লিউজিইআইডির সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখনও ৭০টি গুমের ঘটনা অনিষ্পত্তি রয়েছে। জাতিসংঘ মোট ৮৮ ব্যক্তির গুমের বিষয়ে প্রকৃত অবস্থা জানতে চেয়েছিল। তাদের মধ্যে পাঁচজন আটক ও ১০ ব্যক্তি মুক্ত অবস্থায় আছেন।

সারাবাংলা/একে/এসডব্লিউ