Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তর বাড্ডায় বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে সুমি আক্তার (২৭) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

রোববার (১৫ জুন) রাত ১১টার দিকে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের ওই বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত সুমি আক্তারের ছোট বোন রুবি আক্তার নুপুর জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বাশবুনিয়া গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের ওই বাসার তৃতীয় তলায় স্বামী রাসেলের সঙ্গে ভাড়া থাকতেন সুমি।

বিজ্ঞাপন

তিনি বলেন,’গত এক বছর আগে ঢাকায় নিজ ইচ্ছায় রাসেল নামে এক যুবককে বিয়ে করার কথা জানায় সুমি। এরপর থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। শুধু গ্রামে মায়ের সঙ্গে যোগাযোগ ছিল। গত ৯ জুনের পর মা সুমির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। তার ফোন বন্ধ পাচ্ছিল। বিষয়টি আমাদের জানালে আমরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। উত্তর বাড্ডার যে বাসায় ভাড়া থাকতো সেই বাসাও বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া যায়। এরপর গত রাতে উত্তর বাড্ডার ওই বাসার আরেক ভাড়াটিয়া জান্নাতের মাধ্যমে সংবাদ পাই সুমির রুম থেকে বিকট গন্ধ বের হচ্ছে। রাতেই ওই বাসায় যাই এবং বাড়িওয়ালার মাধ্যমে থানা পুলিশের সহযোগিতায় বাসার তালা ভেঙ্গে দেখা যায় বিছানায় পরে আছে।’

রুবি আক্তার অভিযোগ করেন, স্বামী রাসেল সুমিকে শ্বাসরোধ করে হত্যা করে বাইরে থেকে তালাবন্ধ করে পালিয়ে গেছে।

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, গতকাল রাতে খবর পেয়ে উত্তর বাড্ডার বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘর বাইরে থেকে তালাবন্ধ ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ