Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের চাচাতো ভাই একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মুক্তখবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যায়। চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক বাঁধে। এক পর্যায়ে কিল ঘুষিতে রফিকুল মাটিতে লুটিয়ে পড়ে। রফিকুলের চিৎকারে তার ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল ঘুষি মারে চাচাতো ভাই আয়নাল। পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলে গিয়ে নিহতের চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা বেগমকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

এই ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ