Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্বিতীয় ইনিংসেও শান্তর ইতিহাসগড়া সেঞ্চুরি, বাংলাদেশের লিড ২৯৫

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গল টেস্টে অসাধরণ একটা কৃর্তিত্ব গড়লেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এমন কৃতিত্ব গড়লেন শান্ত। টেস্ট ইতিহাসে শান্তর আগে বিশ্বের মাত্র ১৫জন অধিনায়ক এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করতে পেরেছেন।

এদিকে, শান্তর দুই সেঞ্চুরির গল টেস্ট ড্রয়ের দিকেই এগুচ্ছে। শান্তর সেঞ্চুরির পরপরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ইনিংস ঘোষণার আগে বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ২৮৫ রান। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ২৯৫ রান।

বিজ্ঞাপন

টেস্টের বাকি আছে আর দুই সেশনেরও কম সময়। এতো কম সময়ে এতো রান তাড়া করে জয় অনেকটাই অসম্ভব।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ৫৬ রানে, তার সঙ্গে ২২ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

টেস্টের পঞ্চম দিনেও গলের পিচকে ব্যাটিংয়ের জন্য খুব কঠিন মনে হয়নি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন প্রথম ইনিংসে দুটি বড় সেঞ্চুরি করা মুশফিক ও শান্ত। গতকাল শেষ বিকেলের মতো আজ সকালেও দারুণ ব্যাটিং করেছেন দুজন। কিন্তু হঠাৎই ভুল করে বসেন মুশফিক।

ব্যক্তিগত ৪৯ রানে দাঁড়িয়ে মিড অনে ঠেলে সিঙ্গেলের জন্য দৌড় দিয়েছিলেন মুশফিক। কিন্তু রত্নানায়েকের সরাসরি থ্রোতে মুশফিক রান আউট। ১০২ বল খেলে ৪টি চারের সাহায্যে ৪৯ রানে থেমেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। তারপরই বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পর টপাটপ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস আউট হয়েছেন ৩ রান করে। জাকের আলি আউট হয়েছেন ২ রানে। তবে স্পিনার নাঈম হাসান ভালো সঙ্গ দিয়েছেন নাজমুল হোসেন শান্তকে। মাত্র ৭ রান করলেও অনেকক্ষণ ক্রিজে ছিলেন নাঈম। সেই সুযোগে দুর্দান্ত খেলতে থাকা শান্ত নিজের সেঞ্চুরি পূর্ণ করেছেন।

১৯০তম বলে সেঞ্চুরি পূর্ণ করা শান্ত তার পরের ৯ বল থেকে তুলেছেন ২৩ রান! শেষ পর্যন্ত দলীয় ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত তখন ১৯৯ বলে ৯টি চার ৩টি ছয়ে ১২৫ রানে অপরাজিত ছিলেন। টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন শান্ত।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো