Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বকেয়া কর / শোবিজের ৭ তারকাসহ ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কর বকেয়ার কারণে চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সাবিলা নূর ও চিত্রনায়ক বাপ্পারাজসহ চলচ্চিত্র অঙ্গনের সাতজনের অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে আরও ১৮ ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

গেল ১৫ জুন এনবিআরের কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মনের সই করা এক নোটিশ থেকে জানা যায়, ২৫ ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এসব ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করতে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে এনবিআর।

এদিকে নুসরাত ইয়াসমিন তিশা নামের যার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নন। রোববার (২২ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

যাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তারা হলেন- হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, মিসেস জোসনা বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল আজিজ চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করি (বাপ্পারাজ), এ কে এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ কে এম হুমায়ুন কবির ও মো. মিকাইল হোসেন।

জানতে চাইলে রোববার রাতে এনবিআরের কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন সারাবাংলাকে বলেন, ‘যে ২৫ জনের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের মধ্যে সাতজন চলচ্চিত্র অঙ্গনের। বাকিরা তারকা নন।’

তিনি বলেন, ‘এসব ব্যক্তিকে বকেয়া কর পরিশোধ করতে কয়েকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে। শেষ পর্যায়ে এসে তাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বকেয়া কর পরিশোধ করলে তাদের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জব্দ করার পরও তাদের অ্যাকাউন্ট চালু রয়েছে- এমন তথ্য আমার জানা নেই। ব্যাংকগুলোকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের অ্যাকাউন্ট সচল থাকার কথা নয়।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম