Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিবন্ধনের আগেই ‘শাপলা’ প্রচারে এনসিপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর নিবন্ধনের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আবেদন প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও দলের শীর্ষ নেতারা এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শাপলা’ প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন।

রোববার (২২ জুন) বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপির একটি প্রতিনিধি দল। আবেদনপত্রে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করলেও, দলের নেতারা যে স্পষ্টভাবেই শাপলার পক্ষে অবস্থান নিচ্ছেন সেটি পরিস্কারভাবে উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ নিবন্ধনের আবেদন জমা দেওয়ার কিছুক্ষণ পরই তারা ‘শাপলা’ প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন।

বিজ্ঞাপন

এনসিপি তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এনসিপির লোগোর সঙ্গে ‘শাপলা’ ফুলের প্রতীকি দিয়ে একটি পোস্ট দিয়েছে। যেখানে লেখা আছে, ‘‘নির্বাচন কমিশনের নিকটে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি এবং দলীয় প্রতীক হিসেবে এনসিপির প্রথম পছন্দ শাপলা মার্কার জন্য আবেদন জানানো হয়েছে ইসির নিকট।’’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে শাপলা ফুলের ছবি দিয়ে লিখেছেন, ‘জনগনের মার্কা,শাপলা মার্কা।’

অন্যদিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরণাঞ্জল) সারজিস আলম ‘শাপলা’ শব্দ লিখে একটি পোস্টকার্ড দিয়েছেন।

দলের সদস্য সচিব আখতার হোসেন , সাদা রং এর শাপলা ফুলের ছবি দিয়ে ‘শাপলা’ লিখে পোস্ট দিয়েছেন।

তাদের এই স্ট্যাটাস ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে এরইমধ্যে শাপলা প্রতীক নিয়ে আগ্রহ দেখা দিয়েছে।

তবে অনেকেই কমেন্টে লিখেছেন যে, প্রতীক বরাদ্দের আগে এ ধরনের প্রচার কার্যক্রম নির্বাচন কমিশনের বিধিমালার আলোকে প্রশ্নের মুখে পড়তে পারে। তবে এনসিপি নেতাদের দাবি, এটি কোনো আনুষ্ঠানিক প্রচারণা নয় বরং তাদের ‘প্রত্যাশার প্রতিফলন’ মাত্র।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ