Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ দিনের ব্যবধানে কমলো সোনার দাম

সারাবাংলা ডেস্ক
২৪ জুন ২০২৫ ২১:৪১

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতায় প্রায়ই দর সংশোধন হচ্ছিল মূল্যবান ধাতু সোনার। সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধও এতে প্রভাব ফেলেছে। ফলে ১০ দিনের ব্যবধানে সর্বশেষ দর সংশোধনে মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে ১ হাজার ৬৬৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। এ নিয়ে জুনে টানা তৃতীয়বার সোনার দর সংশোধন হলো।

মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। বুধবার (২৫ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৫ জুন থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৪ জুন সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম