Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আড়াইশর আগেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে রানের বন্যা দেখিয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা। তবে কলম্বোতে দ্বিতীয় টেস্টে আবারও সেই পুরনো ব্যাটিং ব্যর্থতা। পিচ ব্যাটিং সহায়ক হলেও কলম্বো টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেল ২৪৭ রানেই।

গতকাল টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান তুলে দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশকে টানছিলেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল ৩৩ রানে আউট হলে বাংলাদেশ থেমেছে সেখানেই।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ৮ উইকেটে ২২০ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তাইজুল ইসলাম অপরাজিত ছিলেন ৯ রানে, তার সঙ্গে ইবাদত হোসেন অপরাজিত ছিলেন ৫ রানে। শেষ ব্যাটার হিসেবে ব্যাটার হিসেবে ব্যাটিংয়ের অপেক্ষায় ছিলেন পেসার নাহিদ রানা।

বিজ্ঞাপন

এই দুইজনকে আগলে রেখে বাংলাদেশের ইনিংস টানার চেষ্টা করে গেছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। তবে বাংলাদেশকে আড়াইশর ওপারে নিতে পারেননি অভিজ্ঞ স্পিনার। ৫ রানে অপরাজিত থাকা ইবাদত আউট হয়েছেন ৮ রানে। দশম ব্যাটার নাহিদ রানা খাতাই খুলতে পারেননি।

তবে তাইজুল শেষ দিকে কার্যকারী ব্যাটিং করছিলেন। ইনিংস অবশ্য বড় করতে পারেননি। ৬০ বলে ৫ চারে ৩৩ রানে আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। ৪৬ রান করা ওপেনার সাদমান ইসলাম অনিকই এই ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার।

শ্রীলংকার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সোনাল দিনুশা ও আসিথা ফার্নান্দো।

সারাবাংলা/এসএইচএস