Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে কৃষি প্রযুক্তি ও ফল মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৭:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও ফল মেলা।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতর এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ রোকনুজ্জামান এবং সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার মো. সুমন মিয়া। এ ছাড়াও জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল ও কৃষি উদ্যোক্তা নুরুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার দেশি ফলের ক্রমবর্ধমান চাহিদা ও জনপ্রিয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘শিশুদের স্বাস্থ্য সচেতন করতে প্রতিদিনের খাবারে দেশি ফল অন্তর্ভুক্ত করা উচিত। কৃষকরা যদি দেশি ফল চাষে আগ্রহী হন, তাহলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, তেমনি তাদের আয়ের উৎসও বৃদ্ধি পাবে। দেশি ফল চাষে খরচ কম কিন্তু লাভ বেশি।’

সুলতানা আক্তার বলেন, ‘দেশীয় ফলের পরিচিতি ও সম্ভাবনা তুলে ধরার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা এ মেলায় বিলুপ্তপ্রায় ও অপ্রচলিত বিভিন্ন জাতের ফল সম্পর্কে জানতে পারবেন। তার মতে, এই ফল মেলা কেবল একটি প্রদর্শনী নয়, বরং এটি ফল চাষ, পুষ্টি, অর্থনীতি এবং কৃষিনির্ভর সমাজের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছে।’

উদ্বোধনের পর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার ১২টি স্টল পরিদর্শন করেন। আলোচনা সভা শেষে ২০০ জন কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সারাবাংলা/এইচআই