Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদায়ী অর্থবছরে বিপিসি’র মুনাফা ২০৫০ কোটি টাকা: সিপিডি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার আওতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে বিদায়ী ২০২৪–২৫ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত: জ্বালানি রূপান্তরের অগ্রাধিকারের প্রতিফলন’ শীর্ষক সংলাপে এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডি বলেছে, তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনাসহ সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে বিপিসির মুনাফা কমে ৬১৫ কোটি টাকায় নেমে আসতে পারে।

বিজ্ঞাপন

সিপিডি জানায়, শুধু বিপিসি নয়, পেট্রোবাংলার অধীন দুটি প্রতিষ্ঠান বাপেক্স ও আরপিজিসিএল-ও ২০২৪–২৫ অর্থবছরে মুনাফা অর্জন করেছে।

সংস্থার মতে, শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর ফলে বাপেক্সের ১৩৭ কোটি টাকা এবং আরপিজিসিএলের ৪১ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে।

সিপিডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৫–২৬ অর্থবছরে বাপেক্সের মুনাফা বেড়ে ২৫৮ কোটি এবং আরপিজিসিএলের মুনাফা ৪৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। এলএনজি আমদানিতে ভ্যাট মওকুফ এবং গ্যাসের দাম আরও বাড়ার সম্ভাবনার মুখে এমন প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিপুল লোকসানের মুখে রয়েছে। সিপিডি বলছে, ২০২৪–২৫ অর্থবছরে বিপিডিবির লোকসান হয়েছে ৮ হাজার ৮০৩ কোটি টাকা এবং আগামী অর্থবছরে লোকসান বেড়ে ৯ হাজার ৪৩ কোটি টাকায় দাঁড়াতে পারে।

অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম, সিপিডি’র গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেমসহ খাতসংশ্লিষ্ট অন্যান্য বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো