Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা, নকলের দায়ে বহিষ্কার ৩০

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কেন্দ্রে মোবাইল আনা ও নকলের দায়ে ৩০ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বার কাউন্সিল। একইসঙ্গে বেশ কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের লিখিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বার কাউন্সিলের সচিব কামাল হোসেন সিকদার।

তিনি বলেন, নকলের বিরুদ্ধে আমরা নীতি অবলম্বন করছি। যারা মোবাইল ও নকল এনেছিলেন তাদের আমরা বহিষ্কার করেছি। পাশাপাশি সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সাজা দিয়েছি। দায়িত্ব পালনের সময় এসব অপরাধের কারণে তাদের সাজা দেন আমাদের ম্যাজিস্ট্রেটরা।

এদিন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়। আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

এবারের বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করেন ১৩ হাজার ২৫৮ জন। গত ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হয়েছে। আইনজীবী হওয়ার দ্বিতীয়ধাপের পরীক্ষায় তারা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় পাস করতে হয়। এরপর তিনি আইনজীবী হিসেবে নিজের পেশা চালিয়ে যেতে পারেন।

সারাবাংলা/আরএম/এমপি