Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, আহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৫ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ১৪ জন বেসামরিক নাগরিক ও ৬ জন শিশুসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দেশটির উত্তর ওয়াজিরিস্তানের মির আলীর খাদী বাজারে একটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের গাড়ির কাছে ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যম ‘খাইবার ক্রনিকলস’ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয়জন শিশু আহত হয়। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখাওয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর এটি অন্যতম প্রাণঘাতী একক দিনের হামলা।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি অংশ, এই হামলার দায় স্বীকার করেছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, তাদের পশ্চিমা প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে– যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে।

এএফপি’র হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান উভয় প্রদেশেই সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই