Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর ডোমারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

রোববার (২৯ জুন) বিকেলে ডোমার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু শ্রী ঠাকুর গোরাচাঁদ অধিকারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নীলফামারী জেলা শাখার আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই আমাদের চাওয়া। বিএনপি সব সময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী এবং সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দুঃশাসন, বৈষম্য ও বিভাজনের রাজনীতির অবসান ঘটাতে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মানবিক রাষ্ট্র গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, প্রকৌশলী তুহিনের কন্যা ডা. আরিফা ইসলাম এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো