Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কঠিন বাস্তবতা মেনে নিয়ে শ্রীলংকার পথে সাইফউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৭:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটা সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলে মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন নিয়মিত মুখ। সেই বোলিং অলরাউন্ডার এবার দলে ডাক পেলেন প্রায় ১৩ মাস পর। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। শ্রীলংকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে সাইফ বলে গেলেন, দলে ডাক পাওয়ার চেয়ে জায়গা ধরে রাখাই কঠিন। এবার তার জায়গা ধরে রাখার মিশন।

২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন সাইফ। তারপর জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে নেন ৮ উইকেট। তবুও তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। এরপর ‘এ’ দলের ডাক পেলেও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন। তারপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ পেলেও ভিসা জটিলতার জন্য যেতে পারেননি। যাতে মানসিকভাবে বিরক্তই হয়ে পরেছিলেন হয়ত। ক্রিকেট থেকে বিরতি নিয়ে নিয়েছিলেন।

বিজ্ঞাপন

মাস দুই বিরতি শেষে ক্রিকেটে ফেরা সাইফউদ্দিন এবার জাতীয় দলের ডাক পেলেন। আজ সোমবার (৭ জুলাই) শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

বিমান ধরার আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যাত্রাটা অনেক লম্বা ছিল। ১৩ মাস পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেই লক্ষ্যই থাকবে। যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চট্টগ্রামে, চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকেরা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে এই সুযোগ পাওয়া।’

শ্রীলংকায় বোলিংয়ের কোন কোন অস্ত্রো নিয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। ২৮ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, ‘যেগুলো আমার আগের স্টক ছিল। সুইং, ইয়র্কার, লাইন-লেংথ ঠিক রাখা—এসব নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল (হোসেন) ভাই ছিলেন। ওনার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করছি। দেখা যাক, কী হয়।’

বোলিংয়ের পাশাপাশি সাইফউদ্দিনের কাছে নিয়মিত রানও চায় দল। সাইফ নিজেও জানেন সেটা। সে দিকে এবার বাড়তি মনোযোগ তার। বলেছেন, ‘তানজিম সাকিবের যদি গত ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে) দেখেন…ওর ছোট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য বেশ কাজে লেগেছে। আপনি যদি ইংল্যান্ড দলটা দেখেন, দুই-তিনজন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে, দল ও দেশের জন্য তত ভালো। আমিও চেষ্টা করব ভালো করার, সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং।’

আগামী বৃহস্পতিবার থেকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস