Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে গৃহবধূ ইতি আক্তার (৩০) ও তার স্বামী রিপন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় তাদের মেয়েও দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান রিপন। এর আগে দুপুর ১টার দিকে ইতির মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহবধূর শ্বাসনালীসহ তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় তার স্বামী রিপনের শরীরের ৭০ শতাংশ এবং তাদের মেয়ে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক সংলগ্ন খাদিমুল কুরআন মহিলা মাদরাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, বুধবারদিবাগত রাত পৌনে ২টার দিকে তারা একটি বিকট শব্দ পান। এরপর ওই বাড়িটি থেকে চিৎকারের শব্দ শুনে তারা ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ইতি, তার স্বামী রিপন ও তাদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসে গেছে। ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। তাৎক্ষণিক তিনি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, তাদের ধারণা বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।

সারাবাংলা/এসএসআর/এসআর