Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১১:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে, ফলাফলে যারা প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নন, তাদের জন্য রয়েছে পুনঃনিরীক্ষণের সুযোগ।

শুক্রবার (১১ জুলাই) থেকে এই পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

আবেদন করতে হবে যেভাবে:

শুধু টেলিটক সিম ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা।

বিজ্ঞাপন

নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন- ১০১, ১০২।

ফল রিভিউয়ে কী দেখা হবে?

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয় বরং উত্তরপত্রে নম্বর যোগে ভুল হয়েছে কি না, কোনো উত্তর বাদ পড়েছে কি না—সেসব বিষয় যাচাই করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ