Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উন্নয়নের ধারা টেকসই করতে গাছ লাগানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৫:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না। ঢাকা শহর ও আশপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারা গাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।’

শনিবার (১২ জুলাই) সাভারে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘Better Dhaka District Initiatives’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

“সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার” শ্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে এক দিনে এক লাখ চারা গাছ রোপণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে।’ উপদেষ্টা তার বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন,’যেখানে সেখানে বর্জ্য পোড়ানো যাবে না।’ শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদফতরের পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার।

পরে উপদেষ্টা, সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঠাল গাছের চারা রোপণের মাধ্যমে সাভার উপজেলায় এক দিনে এক লাখ চারা গাছ রোপণের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো