Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ৬৯টি দেশের পণ্যে বাড়তি শুল্কারোপ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১ আগস্ট ২০২৫ ১২:৫১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যুক্তরাষ্ট্র তার আমদানিকৃত পণ্যের ওপর পারস্পরিক শুল্কপুনরায় আরোপ করেছেন, যার হার ১০ শতাংশ থেকে শুরু করে ৪১ শতাংশ পর্যন্ত। এই শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া বহু দেশের পণ্যের ওপর প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) একটি নির্বাহী আদেশে সই করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

একইসঙ্গে, ট্রাম্প কানাডার কিছু নির্দিষ্ট পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য আলাদা একটি নির্বাহী আদেশেও সই করেছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডা ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদকদ্রব্যের প্রবাহ নিয়ন্ত্রণে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ৬৯টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো প্রধান অংশীদার দেশগুলোর পণ্যে ১০ শতাংশের ভিত্তিগত শুল্ক আরোপ করা হয়েছে। অন্যান্য কিছু দেশের পণ্যে ১৫ শতাংশ বা তার বেশি হারে শুল্ক কার্যকর হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘোষণায় বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কগুলোতে পারস্পরিকতার অভাব অব্যাহত থাকায় আমি এই পদক্ষেপকে জরুরি ও উপযুক্ত বলে মনে করছি।’

প্রকাশিত তথ্য অনুযায়ী, কানাডার ওপর নতুন শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হবে, তবে অন্যান্য দেশের ক্ষেত্রে তা কার্যকর হবে ৭ আগস্ট থেকে। হোয়াইট হাউজ জানায়, এই সময়সূচি পরিবর্তনের মাধ্যমে কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষকে প্রস্তুতির সময় দেওয়া হয়েছে।

শুল্কের ঘোষণায় বেশিরভাগ দেশের জন্য ১০ শতাংশ ইউনিভার্সাল ট্যারিফ বজায় রাখা হয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। আর যেসব দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রে ভিত্তিগত ১৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্র পূর্বে শুল্ক চুক্তি করেছিল। বিশেষ কিছু খাত যেমন: সেমিকন্ডাক্টর, গাড়ি ও যন্ত্রাংশ, স্টিল ও অ্যালুমিনিয়ামের জন্য আলাদা শুল্ক নির্ধারণ করা হয়েছে।

তবে কিছু দেশকে নিয়ে বিস্ময় দেখা গেছে। যেমন: তাইওয়ানের শুল্ক হার ৩২ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে, কিন্তু তা এখনো জাপান বা দক্ষিণ কোরিয়ার তুলনায় বেশি।

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যদিও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। পাকিস্তানের শুল্ক হার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।

অন্যদিকে, সুইজারল্যান্ডের শুল্ক হার ৩১ থেকে বাড়িয়ে ৩৯ শতাংশ করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও মিয়ানমারের ক্ষেত্রে যথাক্রমে ৪১ ও ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। লাওসের জন্য ৪০ শতাংশ, ইরাক ও সার্বিয়ার জন্য ৩৫ শতাংশ এবং আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকার জন্য ৩০ শতাংশ শুল্ক নির্ধারিত হয়েছে।

এদিকে একটি আলাদা বিবরণীতে হোয়াইট হাউজ জানায়, কানাডার ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। তবে চীন ও মেক্সিকোর নাম ট্রাম্পের এই তালিকায় অনুপস্থিত, যদিও বছর শুরুর দিকে ট্রাম্প তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন।

সারাবাংলা/এনজে