Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৫ ১২:৩০

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

নিজ বাসভবনে জনশুনানির সময় হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শুনতে আয়োজিত সাপ্তাহিক জনশুনানি চলছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক যুবক উঠে মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং চুল ধরে টান দেন। হামলাকারীর বয়স আনুমানিক ৩০ বছর।

বিজেপির দাবি, হঠাৎ ওই যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। এরপরেই চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করতে শুরু করেন এবং চুল টেনে ধরে তাকে চড়ও মারেন ওই যুবক।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানতে চাচ্ছে, এই হামলা কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, নাকি যুবকটি মানসিক ভারসাম্যহীন।

এ ঘটনায় দিল্লির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দিল্লির মন্ত্রী এবং বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা অভিযোগ করেছেন, ‘বিরোধীরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উন্নয়নমূলক কাজ সহ্য করতে পারছে না। এটা পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে।’ বিজেপির আরেক নেতা হরিশ খুরানা বলেন, ‘এটা শুধুই হামলা নয়, গণতন্ত্রের ওপর আঘাত।’

সারাবাংলা/ইআ