Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিসিবির পণ্য নিতে হুড়োহুড়ি, ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পণ্য কেনার জন্য হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে ওই বৃদ্ধ ট্রাকের চাকায় পিষ্ট হন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেইনে এ ঘটনা ঘটে। নিহত রণজিত কর্মকার (৭০) রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় সোনার গহনা তৈরির কারিগর।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন দাশ সারাবাংলাকে জানান, রণজিত কর্মকার ৪০ বছরেরও বেশিসময় ধরে রাজাপুকুর লেইনে বসবাস করেন। বার্ধক্যজনিত কারণে তার স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা হয়।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে তিনটার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান (ডিলার) মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেইনে প্রবেশ করে। ট্রাকটি অন্যান্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে লোকনাথ মন্দিরের সামনে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল। এ সময় লোকজন সেটিকে অনুসরণ করে দৌড়াতে থাকেন।

টিসিবির এই ট্রাকচাপায় মারা যান রণজিত কর্মকার। ছবি: সারাবাংলা

টিসিবির এই ট্রাকচাপায় মারা যান রণজিত কর্মকার। ছবি: সারাবাংলা

স্বপন দাশ বলেন, ‘আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম। দেখলাম, ট্রাকের পেছনে-পেছনে অনেক লোকজন দৌড়ে আসছিল। নারী-পুরুষ অনেকেই ছিল। ট্রাক পাহাড়ের ওপর ওঠার সময় রণজিতও হুড়োহুড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু উঁচু স্থানে উঠতে গিয়ে ট্রাকটির সম্ভবত ব্রেক ফেল হয়। তখন সেটা আপনাআপনি নিচের দিকে নেমে যেতে থাকে। লোকজনের হুড়োহুড়ির মধ্যে ধাক্কা খেয়ে রণজিত রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকের চাকা তার শরীরের ওপর উঠে যায়।’

‘আমরা ট্রাকের চাকার নিচ থেকে তাকে টেনে বের করি। গুরুতর আহত রণজিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ১৫-২০ মিনিট পর খবর আসে, উনি মারা গেছেন।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘টিসিবির পণ্য নেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে উনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ট্রাকের চালককে আটক করে আমাদের হেফাজতে রেখেছি। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর