Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়ার ঝুঁকি বেশি। তাই জনগণকে সতর্ক থাকার পাশাপাশি নদীবন্দর ও নৌযান সংশ্লিষ্টদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ