Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৬

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক শিল্পমন্ত্রী, নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা গেছেন তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন তিনি। এরপর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার (২৭ সেপ্টেম্বর) কারাগার থেকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্পমন্ত্রী হন।