Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যশোরে ২ গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:১৯

প্রতীকী ছবি

যশোর: জেলার সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে।

নিহত চঞ্চল গাজী ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে। তার স্বজনরা জানান, তাদের প্রতিবেশী রবিউল ও‌ বেলাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া, তারা চোর সিন্ডিকেট চালায়। আজ সকালে রবিউল একজনকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক লেনদেন করছিল। এ সময় চঞ্চলের পিতা মধু গাজী বাধা দেয়। এ নিয়ে তর্ক শুরু হলে সেখানে চঞ্চল ও তার ভাই তুহিন আসে। এ সময় রবিউল, তার ছেলে মুন্না ও ভাই বেলালসহ লোকজনকে ডেকে আনে।

বিজ্ঞাপন

এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবশ্য প্রতিপক্ষ রবিউলের দাবি, তিনি ইন্টারনেট ব্যবসায়ী পিয়াসের সঙ্গে লাইনের সমস্যা নিয়ে কথা বলছিললেন। এ সময় মধু গাজী এসে গালিগালাজ ও চর-থাপ্পড় মারতে শুরু করে। এর পর গোলযোগের সূত্রপাত হয়। তিনি প্রতিবেশী সাদ্দামের বাড়িতে ঢুকে পড়েন। এ সময় সাদ্দাম ধারালো অস্ত্র নিয়ে বের হয় মারপিটে জড়িয়ে পড়ে। এর পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, কী নিয় সংঘর্ষ হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এ ঘটনায় হত্যায় অভিযুক্ত তিনজনসহ উভয় পক্ষকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর