Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবিলম্বে পিআরসহ ৫ দফা মেনে নিন: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৯:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জনতার চাওয়া পূরণের জন্যই পিআর পদ্ধতির প্রস্তাব করছি দাবি করে ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন, অবিলম্বে পিআরসহ ৫দফা দাবি মেনে নিন। যাতে কোনোদিনই দেশে স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে গণমিছিলপূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশের এতোগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে আসছে। কিন্তু আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অথচ আমাদের দাবির যৌক্তিকতা সুস্পষ্ট। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, যারা সেই হত্যাকাণ্ডে সহায়তা করেছে তাদের বিচারের মতো মৌলিক দাবি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করছি।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, জুলাইয়ের রক্তের চাহিদা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের ব্যবস্থা করা। জনতার সেই চাওয়া পূরণের জন্যই আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করছি। যাতে কোনোদিনই দেশে স্বৈরতন্ত্র ফিরে না আসতে পারে। এসব দাবির প্রতি সরকারের উদাসীনতা গ্রহণযোগ্য না।

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের দলকে নিষিদ্ধকরণের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ২য় দফার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় বৃষ্টির জন্য আছরের পরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে মিছিল শুরু হয়। মিছিলে বিভাগীয় নেতারা বক্তব্য দেন।

ঢাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইসহ দলের শীর্ষ নেতারা।

সভাপতিত্ব করেন দলের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা ইমতিয়াজ আলম।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর