Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৬:১৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।

সোমবার (২৭ অক্টোবর) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৩৪) নামের এক পথচারী নিহত হন। এ ছাড়াও এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের সদস্যদের মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।

একইসঙ্গে ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ