Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিএনপির মনোনয়নবঞ্চিত আসলামের জন্য বিক্ষোভ করায় ৪ নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৬:২৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল।

এ ঘটনার পর মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর ও সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মো. মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে বহিষ্কৃত সবাইকে আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে উল্লেখ করা হয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কিছু লোক বিশৃঙ্খলা করেছেন। এতে দলের নির্দেশনার ব্যতয় হওয়ায় তাদের সবাইকে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। ওই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।

আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হওয়ার ক্ষোভে রাস্তায় নামেন তার অনুসারীরা। সন্ধ্যা ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী, সলিমপুরসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। রাত নয়টার দিকে ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর কাঠের স্লিপার তুলে আগুন ধরিয়ে দেন। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে আসলাম চৌধুরীর নির্দেশে তারা সড়ক ছেড়ে যান।