Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শহিদ শিক্ষাবিদ আবুল কাশেমের শাহাদাতবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৭:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লালমনিরহাট: দেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালের ৯ নভেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের আইরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত হন তৎকালীন শিক্ষাবিদ,পাঙ্গারানী লক্ষ্মী প্রিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) শহীদ আবুল কাশেম।

দিবসটি উপলক্ষ্যে রোববার (৯ নভেম্বর) মরহুমের ৫৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা,আলোচনা, শোকর‌্যালি, দোয়া ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

বড়বাড়ি শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের আয়োজনে ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে শাহাদাতবার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সুযোগ্য সন্তান জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিজ্ঞাপন

এ স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করেন প্রত্যক্ষদর্শী ময়েজ উদ্দিন মুন্সী, বাবু শ্যামেন্দনাথ মিশ্র, জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান ইয়াসিন আলী।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমার বাবা পাকহানাদার বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন। আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিকই, কিন্তু দেশের জন্য তার এই আত্মত্যাগে আমরা গর্বিত। সেদিন শুধু আমার পিতায় নয় আরো ১১৪ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকবাহিনী।’

এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে মরহুমের পারিবারিক স্মৃতিস্তম্ভে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে পক্ষ হতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এ স্মরণসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।