Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেমের সম্পর্ক নিয়ে জটিলতার জেরে গাড়িচালক হত্যা, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ০০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রেমের সম্পর্ক তৈরি নিয়ে জটিলতার জেরে গাড়িচালক সাইদুর ইসলাম সৌরভকে (২৭) রাজধানীর গুলশান লেকের রাস্তার ওপর ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার তিনজন হলেন- রুবেল (২৩), শামীম ওরফে পিচ্চি শামীম (২৭) ও মো. আকাশ (২২)। গত ১৪ ও ১৫ নভেম্বর পিরোজপুর, মাদারীপুর এবং ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতার রুবেল প্রায় দুই বছর আগে ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকায় মামুনের বাসায় ভাড়া থাকত। নিহত সৌরভ ছিল বাড়িওয়ালা মামুনের গাড়িচালক। সেই সুবাদে রুবেলের বাসায় যাতায়াত ছিল সৌরভের। এক পর্যায়ে মামুনের মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং রুবেলের স্ত্রীর দিকেও তার নজর পড়ে। এসব কারণে বাড়ির মালিক মামুন দেড় বছর পূর্বে সৌরভকে চাকরিচ্যুত করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে সৌরভ আবার মামুনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে দেওয়ার জন্য রুবেলকে চাপ দেয়। পরে রুবেল এলাকা ছেড়ে চলে যায় এবং সৌরভকে হত্যার পরিকল্পনা করে। এর পর রুবেল সহযোগীদের নিয়ে গুলশান লেকের রাস্তার ওপর সৌরভকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর গুলশান লেকের রাস্তার ওপর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বোনের স্বামী মাসুম বিল্লাহ বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।’

ডিসি মিডিয়া বলেন, ‘গত ১৪ নভেম্বর দিবাগত রাতে পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেলকে এবং ১৫ নভেম্বর ভাটারা থানাধীন বালুর মাঠ হাজারী গলি আকাশকে ও মাদারীপুরের শিবচর থেকে শামীম ওরফে পিচ্চি শামীমকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতার রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর