Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া বার সমিতির নির্বাচন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে বিজয়ী

স্পেশাল করেসপডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৫:০৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ১৩টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর-রফিকুল পরিষদ সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করেছে। ৪৫১ ভোট পেয়ে শেখ মো. রেজাউর রহমান সভাপতি এবং ৪৫৫ ভোট পেয়ে রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীসহ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পুর্ণাঙ্গ প্যানেল দুটি হলো- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান-রফিকুল প্যানেল এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান-রফিকুল পরিষদের সহ-সভাপতি পদে মো. সাফি আহমেদ (মিঠু) ও মো. আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে মো. এনামুল হক (পান্না), লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে চারটি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও মো. আল আমিন (রাসেল)।

অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে মো. আবু বকর ছিদ্দিক (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরী সদস্য একটি পদে মো. বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার রাতে রিটার্নিং অফিসার মো. আতাউর রহমান খান (মুক্তা) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মন্ডল।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর